মাহাবুব তালুকদার:
শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি কথিত শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও হালকাযান চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগে “শরীয়তপুর অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও হালকাযান মালিক শ্রমিক ঐক্য পরিষদ” নামে একটি সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে শরীয়তপুর জেলা শ্রমিকদল।
সোমবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পরে জেলা শ্রমিকদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট সংগঠনটি কোনো বৈধ অনুমোদন ছাড়াই জেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও হালকাযান চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এতে সাধারণ চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম উদ্বেগ, ক্ষোভ ও অসন্তোষের মধ্যে রয়েছেন।
বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থ অবৈধভাবে আদায়ের মাধ্যমে এক ধরনের হয়রানি ও শোষণের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের ফলে চালকদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
জেলা শ্রমিকদলের নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবৈধভাবে চাঁদা আদায়ের এই কার্যক্রম দ্রুত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার বাদশা, সহ-সভাপতি ডা. বিএম জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, সদর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জুয়েল মৃধা, ডামুড্যা উপজেলা শ্রমিকদলের সভাপতি কাসেম সরদার, সখিপুর থানা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, জাজিরা উপজেলা শ্রমিকদলের সভাপতি সিদ্দিক মল্লিক, সদর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব বিল্লাল সরদার, যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সখিপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, গোসাইরহাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক সরদার, ডামুড্যা পৌরসভা শ্রমিকদলের সদস্য সচিব বদল ছৈয়াল, সদর পৌরসভা শ্রমিকদল নেতা আফজাল তালুকদারসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জেলা শ্রমিকদলের নেতারা জানান, সাধারণ চালকদের স্বার্থ রক্ষা এবং অবৈধ চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বিষয়টি নিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তারা।