মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভেদরগঞ্জ শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, সমবায় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।
সভায় প্রধান আলোচকরা গ্রামীণ উন্নয়ন, সমবায় কার্যক্রম, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বক্তারা বলেন, পল্লীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, ভেদরগঞ্জ উপজেলা ইউসিসিএ লিঃ (বিআরডিবি) চেয়ারম্যান ও জেলা শ্রমিক দলের সভাপতি হাজ্বী এম. এ. কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরান, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝি এবং উপজেলা ইউসিসিএ লিঃ (বিআরডিবি) পরিচালক ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নওয়াজ সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মিন্টু বৈরাগী। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অরুণ কান্তি ভূইয়া। এ সময় উপজেলা সহকারী কর্মকর্তা মজিবুর রহমানসহ বিআরডিবির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।